Tuesday, November 17

মানিকগঞ্জে পল্লী সেবা বাসের চাকা বিস্ফোরণে দুর্ঘটনা, আহত ৩১ শ্রমিক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ-ঢাকা-আরিচা মহাসড়কের আকিজ টেক্সটাইলের সামনে পল্লী সেবা পরিবহনের একটি বাসের চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩১ জন শ্রমিক আহত হন। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমা গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসটির একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও সড়কে থাকা একটি বন্ধ গাড়িকে ধাক্কা দেন।

এদিকে, বাসটির চালকের দক্ষতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস ও রোড পারমিট নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

তাঁদের দাবি, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *