Tuesday, November 17

নাগেশ্বরীতে ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (‎১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

‎এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রাসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের সরিষার বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

‎তিনি আরও জানান, সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি সরিষাসহ রবি ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *