
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ। এ সময় তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের নিয়ে একটি মোটিভেশনাল ক্লাস পরিচালনা করেন।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজে পৌঁছালে ওসি এম আর সাঈদকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার। পরে কলেজের সকল শিক্ষক-কর্মচারীর সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় শেষে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল ক্লাস নেন তিনি।

মোটিভেশনাল ক্লাসে শিক্ষার্থীদের জীবনে বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের কেমন স্বপ্ন দেখা উচিত এবং কীভাবে পরিকল্পিত প্রচেষ্টা ও ধৈর্যের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব, সে বিষয়ে তিনি বিস্তারিত ধারণা ও দিকনির্দেশনা দেন।
পরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের ব্যতিক্রমী উদ্যোগের বিষয়টি অবগত হন তিনি। কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানান ওসি এম আর সাঈদ।

এ সময় কলেজের দৃষ্টিনন্দন ক্যাম্পাস, শিক্ষাবান্ধব ও বিনোদনমূলক পরিবেশ দেখে তিনি অত্যন্ত খুশি হন। রঙিন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসটি যেন শিক্ষার পাশাপাশি নান্দনিকতারও এক অনন্য উদাহরণ। ক্যাম্পাসে রয়েছে সুন্দর পাঠাগার, স্মৃতিস্তম্ভ, পানির ফোয়ারা, কৃত্রিম ঝরনা এবং কলেজ মসজিদ। শিক্ষার্থীদের সুবিধার্থে সাইকেল ও মোটরসাইকেল রাখার জন্য রয়েছে পৃথক গ্যারেজ। দেবদারু গাছের সারিতে সজ্জিত ক্যাম্পাসের রাস্তা এবং নানা জাতের রঙিন ফুলে সাজানো চত্বর পুরো পরিবেশকে করেছে আরও মনোমুগ্ধকর।
এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মনীষীদের শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক বাণী এবং দৃষ্টিনন্দন রঙিন আলোকসজ্জা পরিবেশকে দিয়েছে ভিন্নমাত্রা। পুরো ক্যাম্পাস ও প্রতিটি শ্রেণিকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টিও তাঁর নজর কাড়ে।
ক্যাম্পাসের এমন ব্যতিক্রমী সৌন্দর্য ও শিক্ষাবান্ধব পরিবেশকে অনন্য উল্লেখ করে তিনি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার মানের উন্নয়ন অব্যাহত রাখার জন্য অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা, দৃষ্টিনন্দন ক্যাম্পাস, পাঠাগার, বিনোদনমূলক উপকরণ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেন ওসি এম আর সাঈদ।
