
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১-এর সামনে সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকারের নেতৃত্বে প্রতিবাদ র্যালিটি একাডেমিক ভবন-০১ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার পরিপন্থী। দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের অপতৎপরতা রুখে দিতে হবে। এ সময় তিনি ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান।
এ ছাড়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার ও প্রক্টর প্রফেসর ড. হারুন-অর-রশিদসহ অন্যান্য বক্তারা দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
