
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলামের বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের রাসেল মিয়া (২৫), ফরিদুল ইসলাম (৩৮), ফরহাদ হোসেন (২৭) এবং বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামের রিয়াজুল ইসলাম (৪৫)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, মাদক নির্মূলে নাগেশ্বরী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
