Wednesday, August 12

চিলমারী থানাহাট বাজারে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সে দুর্ধর্ষ চুরি

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বাজারে ‘মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) রাত ৩টার দিকে বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

দোকানের স্বত্বাধিকারী ও থানাহাট বাজার বণিক সমিতির সহ-সম্পাদক মো. সোহেল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে সবকিছু এলোমেলো দেখতে পান। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাত ৩টার দিকে চোরেরা দোকানের ছাদের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দোকানের ক্যাশ থেকে এই অর্থ খোয়া গেছে। অন্য কী কী মালামাল চুরি হয়েছে, তা নিরূপণে কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে, বাজারে চুরির এমন ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন থানাহাট বাজার বণিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে নাইট গার্ড থাকলেও পুলিশি টহল জোরদার না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগেও আলী হোসেনের দোকান, কলেজ মোড়সহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরেরা বারবার বেপরোয়া হয়ে উঠছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বণিক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *