Tuesday, November 10

ইবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবি তালাবা সভাপতি এস এম শামীমের

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কেন্দ্রীয় মন্দির’ স্থাপনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের মূল আদর্শ ও স্বকীয়তা রক্ষায় প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

ফেসবুক পোস্টে এস এম শামীম অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাতের আঁধারে কেন্দ্রীয় মন্দির স্থাপন করা হয়েছে। তিনি ইবি প্রশাসনের প্রতি এটি দ্রুত অপসারণের আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়টিকে সামনে রেখে কোনো ধরনের রাজনৈতিক খেলা করা যাবে না এবং এর ফলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীর সংখ্যা কত যে তাদের জন্য মন্দির স্থাপন করতে হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

এর আগে দেওয়া অপর এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা; এখানে মুসলিম ও হিন্দু ধর্মীয় উপাসনার সমন্বয় সাধন নয়। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও অনুভূতির প্রতি সহনশীলতা ও সম্মান প্রদর্শনের অর্থ এই নয় যে বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের উপাসনালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। নিজের ধর্মীয় আদর্শ ও বিশ্বাসের প্রশ্নে আপস করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে শিরককে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

কোনো ধর্মাবলম্বীর প্রতি বিদ্বেষ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিচয়, আদর্শ ও স্বকীয়তা রক্ষার প্রশ্নেই অবস্থান স্পষ্ট করা জরুরি বলে তিনি জানান। বিষয়টি আবেগ বা রাজনৈতিক বিবেচনায় না নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য, আদর্শ, পরিবেশ ও সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান এস এম শামীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *