
|| নিজস্ব প্রতিবেদক ||
সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কক্সবাজারের কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টায় জাহাজটি কুতুবদিয়া উপকূলে নোঙর করে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিকেলেই বড় জাহাজ থেকে ক্রুড খালাস বা লাইটারিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামালের অভাবে বন্ধ থাকা তাদের রিফাইনারি প্ল্যান্টটি বৃহস্পতিবার (৭ মে) পুনরায় চালু করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আরব আমিরাতের ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নিয়ে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ আগামী ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন দেশের একমাত্র এই রিফাইনারি আমদানিকৃত ক্রুড অয়েলের ওপর শতভাগ নির্ভরশীল। জি-টু-জি পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিএসসির ভাড়া করা জাহাজের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়। কুতুবদিয়ায় পৌঁছানো এই বিশাল জ্বালানি সরবরাহ দেশের বর্তমান চাহিদা মেটাতে ও ইস্টার্ন রিফাইনারিকে সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
