
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিনকে দিনাজপুর জেলায় বদলি করা হয়েছে। সংবাদকর্মীদের ফোন রিসিভ না করা, প্রয়োজনীয় তথ্য দিতে অনীহা এবং কথাবার্তায় অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বদলির খবরে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক পত্রে এ বদলির আদেশ জারি করা হয়। আদেশে ওসি আজিম উদ্দিনকে দিনাজপুর জেলায় বদলির কথা উল্লেখ করে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, আজিম উদ্দিন ২০২৫ সালের ৭ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের এক বছরের আগেই তাঁর বদলির আদেশ আসে।
এদিকে তাঁর বদলির আদেশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। রবিউল আলম নামের এক ব্যক্তি বদলির আদেশের কপি সংযুক্ত করে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজন বদমেজাজি পুলিশ কর্মকর্তার বদলি।’
বদলির বিষয়টি ওসি আজিম উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁকে দিনাজপুর জেলায় বদলি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই তিনি বর্তমান কর্মস্থল ত্যাগ করবেন।
