
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৪ জনে।
আজ সোমবার (৪ মে) জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোর, যাদের শরীরে জ্বর, লাল ফুসকুড়ি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পূর্বে আক্রান্তদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সকলকে সতর্ক থাকার এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
