
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নতুন নারী সংসদ সদস্যরা শুধু সংসদকে কার্যকর করতেই নয়, বরং দেশ ও গণতন্ত্রের পক্ষে জোরালো ভূমিকা রাখবেন। এ সময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও দেশের সার্বিক উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
