
|| ডা. আনোয়ার সাদাত ||
আইনের শাসন পরিপূর্ণ বাস্তবায়ন না হলে মানুষের অধিকার, মর্যাদা রক্ষা ও সার্বিক উন্নয়ন সম্ভব হয় না। মূলত আইনের শাসন মানুষের শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব প্রতিষ্ঠিত করে। মানুষ যখন মানুষের অধীন হয়, তা মানুষের মর্যাদা ও সম্মানের জন্য হানিকর। বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকায় সমাজের নানান ক্ষেত্রে আজ চরম দুরবস্থা এবং মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা ভূলুণ্ঠিত।
আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, যার বাস্তব উদাহরণ আজ থেকে চৌদ্দশত বছর পূর্বে রাসুলুল্লাহ (সা.) প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা। আর তাঁর ইন্তেকালের পর খুলাফায়ে রাশেদার আমল, যেখানে আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এ রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসনের যে ঐতিহ্য প্রতিষ্ঠিত করেছিল, ইতিহাসে তার দ্বিতীয় নজির খুঁজে পাওয়া যায় না।
এ রাষ্ট্রে কেবলমাত্র আল্লাহ ও রাসুল (সা.) প্রদত্ত আইনই ছিল। যে সমাজে কালো-সাদা, ধনী-দরিদ্রে কোনো পার্থক্য ছিল না; বংশ আভিজাত্য বা শ্রেণী বিভেদ ছিল না।
আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে এক কল্যাণকর ও শান্তিশৃঙ্খলাপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আইনের শাসনের এক পূর্ণাঙ্গ বাস্তবায়ন দুনিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল, যা ইতিহাসের স্বর্ণযুগ।
এ কথা নির্দ্বিধায় বলা যায়, কেবলমাত্র ইসলামী রাষ্ট্রেই যথাযথ ও পূর্ণ মাত্রায় আইনের শাসন বাস্তবায়িত হওয়া সম্ভব।
লেখক: ইসলামিক স্কলার, সাংবাদিক ও চিকিৎসক (খুলনা)।
