Sunday, August 9

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুম উদ্বোধন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে নতুন ও আধুনিক সুবিধা সংবলিত রিডিং রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে হলের দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থেই এই আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। সুন্দর পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে, তাই এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।”

উপাচার্য আরও বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও হলগুলোর রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। আগামীতে প্রয়োজনীয় বই সরবরাহ ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে হলে সাধিত বিভিন্ন উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেন আবাসিক শিক্ষার্থীরা।

হলের সহকারী প্রভোস্টদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *