
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||
শেরপুরের শ্রীবরদীতে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে একটি ‘মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান ফতে মনি খকশী, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের প্রতিনিধি বাধন চিরান, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ দুদু, সাংবাদিক তাসলিম কবীর বাবু এবং মাঠ কর্মকর্তা অতুল ম্রং।
অনুষ্ঠানে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা, নিজস্ব বর্ণমালার সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারা।
তারা আরও বলেন, ভূমি দখল, উচ্ছেদ এবং অধিকারবঞ্চনার ঘটনাগুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তাদের মতে, গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। তাই আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও অধিকারবিষয়ক সংবাদ নিয়মিত প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহজ হবে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
ক্যাম্পেইনে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।
ভূমি ব্যবস্থাপনা কমিটি এবং টিডব্লিউএ-এর বকশীগঞ্জ, শ্রীবরদী ও ঝিনাইগাতী শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এবং ‘আলোক কোরে-২’ প্রকল্প।
অনুষ্ঠান শেষে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, দাবি-দাওয়া এবং অধিকার রক্ষার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরা হয়।
