শনিবার, জুন ১৩

সাবেক নেতৃবৃন্দের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির মতবিনিময়

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদালতের নির্দেশনা ও সংগঠনের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ও অপপ্রচার সংগঠনের জন্য ক্ষতিকর। তারা সদস্যদের আদালতের রায় যথাযথভাবে অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ ও আনোয়ারুল ইসলাম কাজল। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, মো. আবুল বাশার ও আসাদুজ্জামান খান রিয়াজ বক্তব্য রাখেন।

সভায় আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান ও মেহেদী মাসুদ খানসহ ইউনিয়নের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল, সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা সংগঠনের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *