
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে নিয়োগপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ইবি থেকে নিয়োগপ্রাপ্ত ৬ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন— ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। ইউট্যাব ইবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত অতিথিদের এই গৌরবময় অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তাদের নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।
