Tuesday, November 17

নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে মানিকগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান ও কলমবিরতি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন নিকাহ রেজিস্ট্রার সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, বলড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল আলিমসহ অন্যরা।

বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। এতে তারা আর্থিক সংকটে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

তারা বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার নির্ধারিত অধিক্ষেত্রের মধ্যে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার ভিত্তিতেই তারা পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিয়োগকালীন অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। বিশেষ করে যেসব ইউনিয়নে বিয়ের সংখ্যা তুলনামূলক কম, সেসব এলাকার কাজীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত বাস্তবতা ও আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় না নিয়ে একই ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের উদ্যোগ নেওয়া হলে তাদের মধ্যে কাজের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি হবে। এতে একদিকে পেশাগত স্থিতিশীলতা নষ্ট হবে, অন্যদিকে অনেকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে।

তারা নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিকাহ রেজিস্ট্রারদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *