
|| আন্তর্জাতিক ডেস্ক ||
পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ ভবানীপুর বিধানসভা আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার হাইকোর্টের রেজিস্ট্রি বিভাগে গিয়ে তিনি নিজেই এই নির্বাচন সংক্রান্ত আবেদনটি দাখিল করেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবেদনটির সত্যতা নিশ্চিত করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গতকাল আদালত প্রাঙ্গণে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখান থেকে বিদায় নেওয়ার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি সাবেক এই মুখ্যমন্ত্রী।
সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনে বড় জয়ের পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ৪ মে এই নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। নতুন করে ভবানীপুর আসনের ফল নিয়ে এই আইনি লড়াই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এবং আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।
