
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশা প্রকাশ করেন।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। পাশাপাশি আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের গঠনমূলক কাজের প্রশংসাও করেন তিনি।
আলোচনাকালে বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর দুঃখ, সহানুভূতি ও শোক প্রকাশ করে তাদের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে যুদ্ধবিরতি ত্বরান্বিত করার স্বার্থে শান্তি চুক্তি স্বাক্ষর করায় ইরানকে ধন্যবাদ জানান এবং শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশটির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
বৈঠকে উভয় পক্ষ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু এবং মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইরানি রাষ্ট্রদূতকে ঢাকায় একটি বিশ্বমানের হাসপাতাল চালু করার প্রস্তাব দেন। জবাবে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা ও আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ইরানের দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং বাংলাদেশের পক্ষে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
