বুধবার, জুন ১৭

৭০৪ কোটি টাকায় ৮০ হাজার টন সার ও সালফার কিনছে সরকার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দেশের কৃষি খাতে সারের চাহিদা মেটাতে ৮০ হাজার টন সার ও চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য রক সালফার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রস্তাবের বিপরীতে এতে সরকারের মোট ব্যয় হবে ৭০৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকা।

আজ বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) বা সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে বিসিআইসির চুক্তির ফর্মুলা অনুযায়ী ১ম লটে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। সংযুক্ত আরব আমিরাতের ডেলটা স্টার ট্রেডিংয়ের মাধ্যমে রাশিয়ার পিজেএসসি আরকন থেকে এই সার কেনা হবে। প্রতি টন ৬৭৫.৮৩ ডলার হিসেবে এই লটে ব্যয় হবে মোট ৩৪৮ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা।

অন্য এক প্রস্তাবে, ২০২৫-২৬ অর্থবছরের চুক্তি অনুযায়ী সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৯তম লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত অপশনাল সার সরবরাহে পুরোপুরি নিশ্চয়তা দিতে না পারলেও, সমঝোতার ভিত্তিতে এই লটে প্রতি টন ৬০০.৮৩ ডলার মূল্যে সার দিতে রাজি হয়েছে। এতে বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি ১৩ লাখ ৭ হাজার ৪৩৭ টাকা ব্যয় হবে। উল্লেখ্য, চলতি অর্থবছরে ইউরিয়া সার ক্রয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ লাখ টন।

এছাড়া চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন ধারা সচল রাখতে ১৫ হাজার টন রক সালফার বা ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স ফ্যাবসস্কো কনস্ট্রাকশন লিমিটেড (সিসিলিস) থেকে এই সালফার কেনা হবে। প্রতি টনের দাম ৮৭৩ ডলার হিসেবে এতে ব্যয় হবে ১৭১ কোটি ১ লাখ ২ হাজার ২৪০ টাকা। বর্তমানে কারখানাটিতে রক সালফারের মজুত মাত্র ৬৭৪ টনে নেমে আসায় জরুরি ভিত্তিতে এই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *