
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল নগরীর ভেতর থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই তিনটি বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে টার্মিনালগুলো পর্যায়ক্রমে উপযুক্ত স্থানে স্থানান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
