সোমবার, জুন ১৫

জিয়াউর রহমান বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন: মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভা শুরুর আগে অতিথিরা শহীদ রাষ্ট্রপতির জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনভিত্তিক আলোকচিত্র ও তথ্যসংবলিত প্রদর্শনী পরিদর্শন করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান বহুমাত্রিক। তিনি শুধু রাষ্ট্র পরিচালনা করেননি, জাতির জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক দর্শনও উপস্থাপন করেছেন। জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটানো, যার মাধ্যমে জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বিস্তৃত হয়েছিল। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার দক্ষতার কারণে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও অনেক দূর এগিয়ে যেত। তাই তাঁর জীবন, কর্ম এবং রাষ্ট্রচিন্তা নিয়ে আরও ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একজন রাষ্ট্রনায়ক সঠিক দৃষ্টিভঙ্গি ও নীতির চর্চা করলেই জনগণের আস্থা অর্জন করতে পারেন। জিয়াউর রহমান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে ইতিবাচক অবস্থান নিয়েছিলেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমবান্ধব কর্মকাণ্ডের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *