
|| নিজস্ব প্রতিবেদক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আইনি জটিলতা কাটিয়ে নুসরাত তাবাসসুমের এই শপথ গ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে নির্ধারিত সময়ের মাত্র ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। পরে তিনি উচ্চ আদালতের আশ্রয় নিলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশের পর কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে সই করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৩ মে সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সদস্য শপথ নিলেও আইনি প্রক্রিয়ার কারণে নুসরাত তাবাসসুমের শপথ আজ অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত আসনের সকল সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হলো। নুসরাত তাবাসসুম সংসদের ভেতরে সাধারণ মানুষের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
