
|| নিজস্ব প্রতিবেদক ||
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ বুধবার (৬ মে) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মোস্তফা তারেকুল হাসান বলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর যেভাবে মুসলিম সংখ্যালঘুদের বাড়ি-ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ এবং নিরীহ মানুষের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে টার্গেট করে নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বীরভূম, নানুর, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াসহ বিভিন্ন জনপদে সাম্প্রদায়িক উসকানি ও রাজনৈতিক প্রতিহিংসার যে চিত্র সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে উঠে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই সহিংসতা কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, বরং সীমান্ত এলাকায় অনুপ্রবেশ বা ‘পুশইন’ আতঙ্ক তৈরি করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। তিনি অবিলম্বে এই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার অনুরোধ করেন।
একইসাথে বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ালে তার আঁচ পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়ার সম্ভাবনা থাকে। তাই কোনো অজুহাতে যেন পুশইনের মতো ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখতে হবে। শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি।
