রবিবার, মে ৩

শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে, জানাল মাউশি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার (ঈদ বোনাস) বিল দাখিলের সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে এই বিল জমা নেওয়া শুরু হবে এবং তা চলবে ১৩ মে পর্যন্ত।

আজ রবিবার (৩ মে) সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাউশি সূত্রে জানা গেছে, দেশের প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন ও ঈদ বোনাসের আবেদন এই নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে নতুন করে কোনো বিল বা তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে না।

প্রতি মাসের নিয়মানুযায়ী এবারও প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব পাঠাবেন। ইএমআইএস সেলে বিল জমা পড়ার পর তা যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন শেষে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ ছাড় করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে মে মাসের মূল বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *