মঙ্গলবার, মে ৫

শাপলা চত্বর গণহত্যার বিচার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী।

প্রধান বক্তার বক্তব্যে মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, ১৩ বছর আগে এই পবিত্র চত্বরে নিরস্ত্র তাওহিদী জনতার ওপর তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকার যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। একইসঙ্গে তিনি হেফাজতে ইসলামের ঘোষিত ঐতিহাসিক ১৩ দফা দ্রুত বাস্তবায়ন এবং বিগত সরকারের আমলে আলেমদের ওপর চাপিয়ে দেওয়া সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী, মাওলানা ইবরাহীম বিন আলী, মুফতী আসাদুল্লাহ জাকির, মাওলানা তোফায়েল আহমাদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুহাম্মদুল্লাহ, যুব আন্দোলন নেতা মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা ও মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় তৌহিদী জনতা আবারও রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *