
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই আধ্যাত্মিক আসর সম্পন্ন হয়।
এবারের আসরে পবিত্র কুরআনের আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের গুরুত্ব এবং ব্যক্তি, সমাজ রাষ্ট্রীয় জীবনে ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটানোর ওপর বিস্তারিত আলোকপাত করেন।
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। এছাড়া মাহফিলে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
দারস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ। দ্বীনি জ্ঞান অর্জন ও আত্মশুদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সাপ্তাহিক কর্মসূচিটি বরাবরের মতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
