Sunday, August 9

মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের হরিরামপুর-বালড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণকল্যাণ ট্রাস্টে’ কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পথে পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মীরা জানান, তিনি ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় কর্মস্থলের দায়িত্ব পালন শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *