
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির দেশবিরোধী অপতৎপরতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের নেতৃত্বে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা থানা মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে অপশক্তিগুলো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে তাদের এসব ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া হবে। একই সঙ্গে আগামী শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন, সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খানসহ থানা বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ, সদস্য খন্দকার আল আমিনসহ থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
