
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন চুরির অভিযোগও উঠেছে। পুলিশ ইতোমধ্যে চুরি যাওয়া চেইন উদ্ধার করেছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ মে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় ভিক্ষা করার সময় দুই যুবক বৃদ্ধাকে কৌশলে একটি বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নেয়। পরে নির্জন বাঁশঝাড়ে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই সময়ে তার গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের রুপার চেইনও চুরি করা হয়।
ঘটনার পর বিষয়টি স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া চেইন কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ এবং চেইন উদ্ধার করে।
মানিকগঞ্জ জেলার শিবালয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
