
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় এলাকার বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় আঘাত পান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদ চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাথায়ও আঘাত রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
