মঙ্গলবার, জুন ৯

বিশ্ব পরিবেশ দিবসে বকশীগঞ্জে কারিতাসের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলোক কোরে-২ প্রকল্প।

কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সেন্ট আন্দ্রে ব্যাসেট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা রেবেরু সিওয়াইসি, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, সাবেক এলএমসি সভাপতি ব্রুটিন কুমার ম্রং, কারিতাসের মাঠ কর্মকর্তা অতুল ম্রং, সদস্য রুমেল মৃ, এলএমসির সাধারণ সম্পাদক জয় দাংগোসহ প্রকল্পের উপকারভোগীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা ও অগ্নিসংযোগের কারণে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বন্যপ্রাণীর সংখ্যাও আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় কৃষিকাজে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে উপকারী পোকামাকড় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমানো এবং বজ্রপাতের ঝুঁকি হ্রাসে বেশি করে তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *