সোমবার, মে ৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন নুসরাত তাবাসসুম

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের চেয়ে মাত্র ১৯ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করেননি। আইনি প্রতিকার পেতে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার ভিত্তিতেই কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে বিজয়ী ঘোষণা করল।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। পূর্ববর্তী সেই গেজেট অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ নুসরাত তাবাসসুম জ্যোতির অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের সবকটির নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো। নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য চূড়ান্ত গেজেট এখন সংসদ সচিবালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *