
|| আন্তর্জাতিক ডেস্ক ||
তামিলনাড়ুর দীর্ঘ ছয় দশকের প্রথাগত দ্রাবিড় রাজনীতির সমীকরণকে কার্যত চুরমার করে দিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। রূপালি পর্দার ‘থালাপতি’ এবার বাস্তব রাজনীতির ময়দানেও অপরাজেয় সেনাপতি হিসেবে আবির্ভূত হলেন। সোমবার (৪ মে) ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০০-র বেশি আসনে এগিয়ে থেকে চেন্নাইয়ের মসনদ দখলের পথে রয়েছে। তবে এই মহাবিজয়ের মাঝেও আলাদা করে সবার নজর কেড়েছে বিরুগামপাক্কাম আসনের চমকপ্রদ ফলাফল।
বিরুগামপাক্কাম আসনে বিজয়ের দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়িচালকের ৩০ বছর বয়সী ছেলে আর শবরীনাথন এক রূপকথার জয় পেয়েছেন। ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো প্রতিষ্ঠিত ও হেভিওয়েট প্রার্থীদের ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে শবরীনাথন এখন তামিল রাজনীতির অন্যতম বড় চমক হয়ে উঠেছেন।
এবারের নির্বাচনে বর্তমান শাসক দল ডিএমকে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। খোদ মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের দুর্গ হিসেবে পরিচিত কোলাথুর আসনে টিভিকের প্রার্থী ভি এস বাবুর কাছে পরাজিত হয়ে বড়সড় ধাক্কা খেয়েছেন। তবে স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন চিপাক-তিরুভল্লিকেনি আসন থেকে কোনোমতে জয় ছিনিয়ে নিয়ে নিজের সম্মান রক্ষা করতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে অভিনেতা বিজয় নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী (পূর্ব)—উভয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে রাজনীতির আঙিনায় নিজের একাধিপত্যের জানান দিয়েছেন। পেরাম্বুর আসনে তিনি প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে ডিএমকে প্রার্থীকে পরাজিত করে জয়ের স্বাদ পেয়েছেন।
ভোট গণনা এখন প্রায় শেষের দিকে এবং তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রজুড়ে এখন টিভিকের বিজয় পতাকা উড়ছে। যদিও টিভিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১১৮-র ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তবু সরকার গঠন নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহের অন্ত নেই। সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন নিয়ে বিজয় কংগ্রেস, এআইএডিএমকে নাকি অন্য কোনো আঞ্চলিক শক্তির সঙ্গে হাত মেলাবেন, তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা। সব মিলিয়ে থালাপতির এই অভাবনীয় উত্থান দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল।
