Saturday, September 19

পানছড়িতে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পানছড়ি উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘রিসালাতুল খায়ের বাংলাদেশ’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা শাব্বির মাহমুদ রশিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. বেলাল হোসেন।

প্রতিযোগিতায় পানছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সমাপনী আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়। তাঁর আদর্শ ও নৈতিক শিক্ষার আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সীরাত পাঠের গুরুত্ব অপরিসীম। সৎ ও নৈতিক মানুষ তৈরিতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম, উল্টাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান শরুফীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *