
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
“রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা নিশাদ, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, মৎস্যজীবী প্রফুল্ল চন্দ্র দাস এবং মৎস্য খামারী রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের হাতে মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।
