Sunday, August 16

পুলিশকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা দিতে হবে: এমপি বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুতগতিতে দায়িত্ব পালন করতে হবে।

রবিবার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আশরাফ উদ্দিন বকুলের নিজস্ব উদ্যোগে রায়পুরা থানা পুলিশের জন্য এই ভ্যান দুটি দেওয়া হয়। পরে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “শুধু পুলিশকে দায়িত্ব দিলেই হবে না, দায়িত্ব পালনের জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। এই দুটি পুলিশ ভ্যান রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাজকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।” অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ যেন দ্রুত আইনি সেবা পায় তা নিশ্চিত করার ওপর তাগিদ দেন তিনি।

রায়পুরা থানা পুলিশ জানায়, নতুন দুটি ভ্যান যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি সেবা, বিশেষ অভিযান ও প্রত্যন্ত এলাকায় পুলিশের দ্রুত যাতায়াতের সক্ষমতা বহুলাংশে বাড়বে।

যানবাহন হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *