Sunday, August 16

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশকে একটি সর্বাঙ্গীন কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের সাধারণ ও গ্রামীণ মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করা।”

রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মাঝে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পেছনে রেখে জাতির উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যেই নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে অনার্স পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সমস্ত খরচ সরকার বহন করবে। একই সঙ্গে কৃতী নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রবর্তনের ঘোষণাও দেন তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও দরিদ্র পরিবারের শিশুদের সহায়তায় বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে সরকারপ্রধান জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে প্রতি বছর বিনামূল্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি নতুন স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ থেকে আজ বিকেলে জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ভাতা ও অনুদান প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশব্যাপী নদী, খাল ও বিলে পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ বৃদ্ধির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সুফল প্রত্যক্ষভাবে ভোগ করবে এ দেশের সাধারণ জনগণ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করছে উল্লেখ করে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *