
|| মোঃ শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খাঁন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) বাদ এশা কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আহত মাওলানা রফিকুল ইসলাম খাঁনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তাঁর দুই হাত, দুই পা, হাঁটু এবং কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফ্র্যাকচার (হাড় ভাঙা) হয়েছে। এ ছাড়া তাঁর ডান চোখ ও কপালে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাঁর চোখের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন। তাঁর কোমরে ফ্র্যাকচার না হলেও সেখানে গুরুতর আঘাত লেগেছে। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে বর্তমানে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে (অবজারভেশন) রেখেছেন।
বিশেষ এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান, ইবি শাখার সভাপতি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আহসান হাবীব ও শাকিল আহমেদ চৌধুরী এবং সেক্রেটারি খন্দকার আরিফসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাওলানা রফিকুল ইসলাম খাঁনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের নিকট তাঁর সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত জানানো হয়েছে।
