Tuesday, July 21

তাড়াইল উপজেলা পরিষদে উন্নয়নের ছোঁয়া: পাকা রাস্তা ও লাইটিং ব্যবস্থা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

জনগণের চলাচল সহজ করা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তাড়াইল উপজেলা পরিষদের পুকুর ঘাট থেকে নতুন গেট পর্যন্ত পাবলিক চলাচলের কাঁচা রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আক্তারের বিশেষ পরিকল্পনা ও উদ্যোগে এই উন্নয়ন কাজ শুরু হয়েছে। রাস্তাটি পাকা করার পাশাপাশি উপজেলা পরিষদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃষ্টিনন্দন প্রাচীর (বাউন্ডারি) নির্মাণ ও আধুনিক লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে খুব শিগগিরই তাড়াইল উপজেলা পরিষদ চত্বর এক নতুন রূপ ধারণ করবে বলে আশা করছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের পুকুরটির চারপাশে ইতোমধ্যে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নির্মাণের কাজ পুরোদমে চলছে। পুকুরের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার (গেট)। এই গেট থেকে পুকুর ঘাট পর্যন্ত একটি পাকা রাস্তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও তানজিলা আক্তার। এছাড়াও পুকুর পাড়ের বাউন্ডারির চারপাশে লাল-নীল রঙের আকর্ষণীয় লাইটিংয়ের ব্যবস্থা থাকবে এবং জনসাধারণের বসার জন্য সুন্দর বসার স্থান (বেঞ্চ) তৈরি করা হবে, যাতে গরমের দিনে মানুষ সেখানে বসে স্বস্তির বাতাস উপভোগ করতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার বলেন, “পুকুর ঘাট বন্ধ করা হবে না। বরং সর্বস্তরের জনগণ ও এলাকাবাসীর চলাচলের সুবিধার স্বার্থে আমি পুকুর ঘাট থেকে নতুন গেট পর্যন্ত পাকা রাস্তা করে দিচ্ছি। তবে কিছু লোক বিষয়টি নিয়ে ভুল বুঝছে।”

ইউএনও তানজিলা আক্তার আরও জানান, এই নতুন উদ্যোগের ফলে উপজেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষের দৈনন্দিন কাজ যেমন— গোসল করা, ওজু করা এবং আশপাশের চা দোকানের জন্য পানি নেওয়া আরও সহজ ও সুন্দর হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি কাঁচা থাকায় বর্ষাকালে জনদুর্ভোগ চরম আকার ধারণ করত। দেশের প্রতিটি উপজেলা পরিষদ এরিয়া সুন্দর হলেও তাড়াইল উপজেলা প্রশাসন এরিয়াটি কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তাই এর সুরক্ষার ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। এতে জনগণের কোনো সমস্যা হবে না, বরং সুবিধা বাড়বে।

উপজেলা প্রশাসনের এই জনবান্ধব, দূরদর্শী ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগের জন্য তাড়াইলের সর্বস্তরের জনগণ ইউএনও তানজিলা আক্তারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *