Wednesday, August 5

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও যে উদ্দেশ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তার প্রকৃত সফলতা ও জনআকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। তথাকথিত ‘জুলাই সনদ’ ছিল সাধারণ মানুষের সাথে এক ধরণের প্রতারণা, যার মাধ্যমে দেশ ও জাতির প্রকৃত মুক্তি কখনোই সম্ভব নয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, খুন-রাহাজানি ও দুর্নীতি থামেনি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুদের আগ্রাসন ও অর্থনৈতিক লুটপাটে দেশ আজ ধ্বংসের মুখে। প্রচলিত সুদভিত্তিক ব্যবস্থা দিয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন অসম্ভব; কেবল যাকাতভিত্তিক ইসলামী অর্থনীতিই দেশবাসীকে প্রকৃত অর্থনৈতিক মুক্তি দিতে পারে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মরহুম মওলানা মুহাম্মাদ আবদুর রহীমের ঐতিহাসিক বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই।” চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, কোনো সাময়িক বা ব্যর্থ প্রক্রিয়ার ওপর নির্ভর না করে একটি সফল ইসলামী বিপ্লবের মাধ্যমে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেশে স্থায়ী শান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ‘শুরা-ই-নিজাম’ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন দারসুল কুরআন পেশ করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাছির, সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক এবং ঢাকা দক্ষিণ শাখার আমীর মোস্তফা বশীরুল হাসানসহ সারাদেশ থেকে আগত শূরা সদস্যবৃন্দ। দিনব্যাপী এ অধিবেশন থেকে সংগঠনের আগামী ৪ মাসের জন্য নতুন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *