
|| জবি প্রতিনিধি ||
রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (ড্রয়িং ও পেইন্টিং বিভাগ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটে।
নিহতের মেস সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকে অনিকের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে এক ব্যাচমেট ফোনে না পেয়ে মেসে দেখতে বললে দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়ে মেস সদস্যরা। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে ভেতরে ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠী ও মেস সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার দুদিন আগে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঘটে অনিকের। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন ভাঙা ও বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর সুবাস পাল জানান, বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
