
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রমকে সফল করতে খুলনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ক্যাম্পেইনকে সামনে রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা হয়।
রবিবার (১৯ এপ্রিল) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।
সভায় তিনি বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শিশুদের টিকা নেওয়ার ভয় কাটাতে পরিবার ও সমাজের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনসচেতনতা তৈরিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মসজিদের খুতবা ও অন্যান্য সময় এ বিষয়ে প্রচারের জন্য ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসার আহ্বান জানান।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফ।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় প্রায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে দুই হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
এদিকে ক্যাম্পেইন উপলক্ষে অনলাইন নিবন্ধন ব্যবস্থাও চালু করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের অভিভাবকরা জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধন না থাকলেও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা যাবে।
আগামীকাল (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় খুলনার ফুলবাড়িগেট বক্ষ্মব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের।
