Sunday, November 1

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে হলে আল্লাহর সাহায্য অপরিহার্য: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে সুদৃঢ় ও গতিশীল করতে হলে সংগঠনকেও মজবুত করতে হবে। এ জন্য নিয়মিত মাসিক বৈঠক, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং প্রত্যেক বৈঠকে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়, শ্রম, মেধা ও অর্থ দিয়ে সংগঠনের কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। সর্বোপরি, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্বশীল নেতৃত্বের প্রতি যথাযথ আনুগত্য প্রদর্শন এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। কারণ সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী ছাড়া দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও অনুগ্রহ অপরিহার্য। একনিষ্ঠ ঈমান, বিশুদ্ধ নিয়ত, কুরআন-সুন্নাহর অনুসরণ, ধৈর্য, ত্যাগ ও নিরলস প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করতে হবে। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো প্রচেষ্টাই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে না। তাই দ্বীন প্রতিষ্ঠার কর্মীদের সর্বদা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, দোয়া ও ইস্তিগফারে নিবেদিত থাকতে হবে।

তিনি গতকাল শনিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব কেন্দ্রীয় দপ্তরে মজলিসে আমলের বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিকসহ মজলিসে আমলের দায়িত্বশীলবৃন্দ। বৈঠকে নেতৃবৃন্দ বর্তমান শিক্ষামন্ত্রী ট্রান্সজেন্ডার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক এবং গণ ও কর্মমুখী শিক্ষা চালু করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *