
|| স্পোর্টস ডেস্ক ||
এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ও সূচি নির্ধারিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে ঋতুপর্ণা চাকমাদের বাংলাদেশ দল।
এর আগে আসরের গ্রুপ পর্ব চূড়ান্ত হলেও সম্প্রতি পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, যেখানে বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
সূচি অনুযায়ী, উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এরপর ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।
এশিয়ান গেমসে নারী ফুটবল দলের আগের অভিজ্ঞতা খুব একটা সুবিধাজনক নয়। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার জাপান ও ভিয়েতনামের কাছে হেরে এবং নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল সাবিনা খাতুনদের।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসের ২০তম আসরের পর্দা উঠবে। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও ভালো পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
