
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর পুনর্বিন্যাসের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে গত জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেখান থেকে চলতি মাসে মূল্য বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৮ টাকায় পৌঁছাল।
