
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসবে।
বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তাঁরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতির খোঁজখবর নেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।” গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য উঠে এলে বাজারে কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ কমবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরাসরি শান্তিনগর বাজার পরিদর্শনে যান। সরকারের এই তৎপরতা ও দ্রুত আমদানির সিদ্ধান্তে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
