Tuesday, September 1

ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের মুখ বন্ধ রাখতে বলল পিসিবি

|| আন্তর্জাতিক ডেস্ক ||

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের মন্তব্য না করতে জাতীয় দলের ক্রিকেটারদের কঠোর নির্দেশনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি লর্ডস টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমানের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। যেখানে তাঁরা বাবার শারীরিক অবস্থা ও কারাবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই সাক্ষাৎকার প্রচার নিয়ে পিসিবি তীব্র আপত্তি জানায়।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, স্কাই স্পোর্টসে সাক্ষাৎকারটি প্রচারের পর ব্রিটিশ সংবাদমাধ্যমের সাংবাদিকরা যেন পাকিস্তানি ক্রিকেটারদের এই ইস্যুতে প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারেন, সে জন্য খেলোয়াড়দের সতর্ক করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি কপিল দেব ও সুনীল গাভাসকরসহ ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। ইমরান খানকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ ও আলোচনার আবহ তৈরি হলেও পাকিস্তান দল ও খেলোয়াড়দের এই বিষয়ে নীরব থাকতে বলেছে পিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *