Tuesday, September 1

নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর খসড়া অনুমোদনের জন্য আজ ৩১ আগস্ট (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে পরবর্তী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উপায় নির্ধারণ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই খসড়াটি তৈরি করা হয়েছে।

এর আগে, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রস্তাবনায় বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের মধ্যে রাখা হচ্ছে। এছাড়া এ বছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানা গেছে। গত ১১ জুনের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা ব্যক্ত করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *