Monday, August 31

বিপিএল না হলে আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি ক্রিকেটারদের

|| স্পোর্টস ডেস্ক ||

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এক বছর স্থগিত রাখার বিসিবি’র সিদ্ধান্তের সাথে ক্রিকেটাররা একমত হলেও টুর্নামেন্ট না হওয়ার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

গতকাল রবিবার (৩০ আগস্ট) বিসিবি কর্তাদের সাথে ক্রিকেটারদের অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি প্রধান অগ্রাধিকার পায়। বিপিএল না হওয়ায় ক্ষতিগ্রস্ত ক্রিকেটারদের কীভাবে বিকল্প উপায়ে আর্থিক সহায়তা দেওয়া যায় বা ঘরোয়া অন্যান্য টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা বৃদ্ধি করা যায়, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফাহিম সিনহা জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় দ্রুত আবারও বৈঠকে বসবে বোর্ড।

উক্ত বৈঠকে মুশফিকুর রহিম, নাসির হোসেন, মার্শাল আইয়ুব, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, সাইফ হাসানসহ অন্তত ২২ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন এবং অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নাসির হোসেন বলেন, “বিপিএল না হওয়ার পেছনে বোর্ডের ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি। তবে টুর্নামেন্টটি না হলে খেলোয়াড়েরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। বোর্ড কীভাবে খেলোয়াড়দের জন্য ভালো কিছু করতে পারে এবং এই ক্ষতি পূরণ করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।” শীঘ্রই এ বিষয়ে একটি ইতিবাচক সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *